বিনোদন: বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রযোজক একতা কাপুর। ২০১১ সালে মুক্তি পাওয়া সিনেমাটির নতুন কিস্তির নাম রাখা হচ্ছে ‘দ্য ডার্টি পিকচার ২’। তবে নতুন সিনেমায় কারা অভিনয় করবেন কিংবা কে পরিচালনার দায়িত্বে থাকবেন, তা এখনো প্রকাশ করেননি তিনি।
সম্প্রতি এক পডকাস্টে একতা কাপুর জানান, বড় পরিসরে সিনেমাটির সিক্যুয়াল নির্মাণের পরিকল্পনা করছেন তিনি। নতুন গল্প নিয়ে তৈরি হবে ছবিটি। এতে কোনো আলোচিত নারীর জীবনের গল্প উঠে আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন প্রযোজক।
প্রথম ‘দ্য ডার্টি পিকচার’ নির্মিত হয়েছিল দক্ষিণি অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে। সিনেমাটিতে এমন এক নারীর গল্প তুলে ধরা হয়, যিনি নিজের যৌনতার প্রকাশ ঘটানোর কারণে সমাজের সমালোচনার মুখে পড়েছিলেন।
একতা কাপুরের ভাষ্য, চরিত্রটিকে তিনি কখনো অসহায় বা নিছক ভুক্তভোগী হিসেবে দেখাতে চাননি। বরং নিজের যৌনতাকে উদ্যাপন করা এবং নিজের মতো করে জীবনযাপন করা একজন নারী হিসেবেই চরিত্রটিকে উপস্থাপন করেছিলেন। তাঁর মতে, এই দৃষ্টিভঙ্গিই সিনেমাটিকে দর্শকের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য করে তুলেছিল।
নতুন কিস্তিতেও কোনো আলোচিত নারীর জীবন থেকে অনুপ্রেরণা নেওয়া হতে পারে। তবে সেই নারীর পরিচয় কিংবা গল্পের বিস্তারিত এখনো প্রকাশ করেননি একতা।
মিলান লুথরিয়া পরিচালিত ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমায় সিল্ক স্মিতার অনুপ্রেরণায় তৈরি প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান। তাঁর অভিনয় ব্যাপক প্রশংসা পায়। এ সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জেতেন তিনি।
সিনেমাটিতে আরও অভিনয় করেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর।
সিক্যুয়ালে বিদ্যা বালান অভিনয় করবেন কি না, তা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে। এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ‘দ্য ডার্টি পিকচার’-এ অভিনয়ের প্রস্তাব পেলে তা গ্রহণ করতে আগ্রহী হবেন। তাঁর মতে, এমন সিনেমার অংশ হওয়া হবে দারুণ এক অভিজ্ঞতা।
তবে বিদ্যা বালানসহ আগের সিনেমার কোনো অভিনয়শিল্পী নতুন কিস্তিতে থাকছেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই ‘দ্য ডার্টি পিকচার ২’ নিয়ে আগ্রহ থাকলেও সিনেমাটির অভিনয়শিল্পী, পরিচালক ও মুক্তির সময়সূচি জানতে আরও অপেক্ষা করতে হবে।
