কালবেলা · রাজনীতি
নির্বাচনের আগে মেটার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ লুলার
১৫/১০/২০২৬

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের আগে মার্কিন প্রযুক্তি কোম্পানি মেটার বিরুদ্ধে ডানপন্থি প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। বৃহস্পতিবার প্রকাশিত দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ অস্বীকার করেছে মেটা।
লুলার নির্বাচনি প্রচারশিবির ও স্বাধীন পর্যবেক্ষক সংস্থাগুলোর অভিযোগ, মেটার মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রগতিশীল রাজনৈতিক বক্তব্যের প্রচার সীমিত করা হচ্ছে। বিপরীতে, বলসোনারোর সমর্থনে প্রকাশিত বিষয়বস্তু তুলনামূলকভাবে বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছে।
আগামী ২৫ অক্টোবরের দ্বিতীয় দফার ভোট সামনে রেখে অনলাইনে সমান সুযোগ নিশ্চিত করার দাবিতে শনিবার ব্রাজিলের নির্বাচনি আদালতে অভিযোগ করেছে লুলার প্রচারশিবির।
অভিযোগে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে মেটা ‘অ্যালগরিদমিক বাছাই’ বা অ্যালগরিদমের মাধ্যমে পক্ষপাতমূলক আচরণ করছে। বলসোনারোর সমালোচনামূলক ভিডিওগুলো কোনো ব্যাখ্যা ছাড়াই সরিয়ে দেওয়া হয়েছে, অনলাইনে অনুসন্ধানের সময় প্রগতিশীল কর্মীদের বিষয়বস্তু দেখা যায়নি এবং লুলার প্রশংসায় করা পোস্টগুলোও তুলনামূলক কম মানুষের কাছে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে।
মেটা অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। প্রতিষ্ঠানটির দাবি, তাদের সিস্টেম কোনো প্রার্থীকে ক্ষতিগ্রস্ত করা বা বিশেষ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত হয় না।
কিছু ঘটনার পেছনে প্রযুক্তিগত ত্রুটি ও অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে বলে জানিয়েছে কোম্পানিটি। পাশাপাশি, স্বাধীন পর্যবেক্ষকদের অনুসন্ধানগুলোকে বিচ্ছিন্ন অভিজ্ঞতানির্ভর এবং যাচাই করা কঠিন বলেও উল্লেখ করেছে তারা।
এক বিবৃতিতে মেটা বলেছে, “ছোটখাটো প্রযুক্তিগত সমস্যাকে রাজনৈতিক বয়ান হিসেবে উপস্থাপন করা দুঃখজনক।”
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস ও আনাদোলু এজেন্সি
মূল প্রতিবেদনে যান ↗