
কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানো, আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা
আয়েশা আক্তার
কুমিল্লায় অপরিপক্ব কলা বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে পাকানোর অভিযোগে একটি কলার আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে রাসায়নিক দিয়ে পাকানো কলা জনসম্মুখে ধ্বংস করা হয়। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত কুমিল্লা নগরের আদর্শ সদর উপজেলার স্টেশন রোড ও রেসকোর্স এলাকায় কলার আড়ত, মুদি দোকান ও এলপিজি গ্যাস সিলিন্ডারের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে হালিমের কলার আড়তে অপরিপক্ব কলা বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে পাকানোর বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার শর্তে প্রতিষ্ঠানটিকে জনসম্মুখে মুচলেকা দিয়ে সংশোধনের সুযোগ দেওয়া হয়।
অভিযানকালে রাসায়নিক দিয়ে পাকানো কলাগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়। এ ছাড়া মুদি দোকান ও এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। তাঁকে সহযোগিতা করেন কুমিল্লা জেলা পুলিশের একটি দল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি বিনোদন
