রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্রমণ শেষে ফেরার পথে সিজকছড়া এলাকায় পর্যটকবাহী একটি খোলা জিপ গাড়ি (স্থানীয়ভাবে ‘চাঁদের গাড়ি’ হিসেবে পরিচিত) নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে চালকসহ গাড়িতে থাকা ১৩ জন পর্যটক আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
রোববার (১৮ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে সাজেক-খাগড়াছড়ি সড়কের সিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, মানিকগঞ্জের সিংগাইর এলাকা থেকে আসা একটি পর্যটক দল গত শনিবার (১৭ অক্টোবর) সাজেক ভ্রমণে যায়। রোববার সকালে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা দেওয়ার পর সিজকছড়া পৌঁছালে তাঁদের বহনকারী জিপ গাড়িটি (সিলেট-ক-২৩২৪) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই সেনাবাহিনীর বাঘাইহাট জোনের অধীন সাজেক ক্যাম্প থেকে ট্যুরিস্ট টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। পরবর্তীতে অন্য একটি বিকল্প বাহনযোগে আহতদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
প্রাথমিকভাবে আহত ১৩ জনের মধ্যে সাতজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তাঁরা হলেন- মো. আজাহার মিয়া (৬০), মোসাম্মাৎ শাহানারা আক্তার (৪৫), মো. আরিফুর রহমান (৩৫), মো. সোহরাব, নাসরিন (৩৫), মো. শাহজাহান (৪৫) এবং মোসাম্মাৎ আশা (১৩)। আহত সকলেই মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বাসিন্দা।
দুর্ঘটনার পর পরই গাড়ির চালক সুখ কান্তি চাকমা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটার সঠিক কারণ তদন্ত করে দেখছে স্থানীয় প্রশাসন ও পুলিশ।
জেএইচআর
