ফিলিপাইনে প্রশিক্ষণ চলাকালে আকাশে দুটি সামরিক বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। দেশটির বিমানবাহিনী শনিবার (২৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছে। খবর এএফপি।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানী ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো এয়ার বেসে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পড়া দুটি বিমানই ছিল এক ইঞ্জিনবিশিষ্ট এসএফ-২৬০ মডেলের প্রশিক্ষণ বিমান।
ফিলিপাইন বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল অ্যালভিন ক্যাপিনগুয়ান এক বিবৃতিতে জানান, দুটি বিমানই ঘাঁটির সীমানার ভেতরে বিধ্বস্ত হয়। এতে চার পাইলট নিহত হলেও অন্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবাহিনীর এসএফ-২৬০ মডেলের সব বিমান সাময়িকভাবে উড্ডয়ন থেকে বিরত রাখা হয়েছে বলে জানান ক্যাপিনগুয়ান।
সাম্প্রতিক বছরগুলোতে ফিলিপাইনের সামরিক বিমানের বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। এর আগে গত মে মাসে দেশটির উত্তরাঞ্চলীয় বেঙ্গুয়েট প্রদেশে প্রশিক্ষণ চলাকালে একই মডেলের একটি বিমান বিধ্বস্ত হলে দুই সামরিক পাইলট নিহত হন।
চলতি দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
সূত্র: এনডিটিভি
