গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আজ বুধবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন– লালচান (৬০), তানিশা (১৬) এবং নাসিমা (৫০)। গুরুতর আহত অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার।
তিনি বলেন, আজ সকালে আমাদের হাসপাতালে জরুরি বিভাগে টঙ্গী থেকে লালচান শরীরে ৯৫ শতাংশ দগ্ধ, তানিশা শরীরে ৮৬ শতাংশ দগ্ধ এবং নাসিম আর শরীরে ৮৫ শতাংশ দগ্ধ নিয়ে আসে। তাদের শরীরে দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তিনজনকেই হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।
তাদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন সুলতান মাহমুদ।
