পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিভিন্ন বিভাগের ১২ শিক্ষার্থীকে দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের সংশ্লিষ্ট পরীক্ষাগুলোও বাতিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘বোর্ড অব ডিসিপ্লিন’সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে ২১ সিরিজের দুজন, ২২ সিরিজের তিনজন, ২৪ সিরিজের চারজন এবং ২৫ সিরিজের তিনজন রয়েছেন। ২১ সিরিজের শিক্ষার্থীদের মধ্যে ইটিই ও ইইই বিভাগের একজন করে রয়েছেন। ২২ সিরিজের তিনজনের মধ্যে পুরকৌশল বিভাগের দুজন ও যন্ত্রকৌশল বিভাগের একজন। ২৪ সিরিজের চারজনের মধ্যে পুরকৌশল বিভাগের তিনজন ও মেকাট্রনিক্স বিভাগের একজন রয়েছেন।
অন্যদিকে, ২৫ সিরিজের তিনজন যথাক্রমে পুরকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের শিক্ষার্থী।
বিজ্ঞাপন
সিদ্ধান্ত অনুযায়ী, ২১ সিরিজের শিক্ষার্থীদের চতুর্থ বর্ষের বিজোড় সেমিস্টার, ২২ সিরিজের শিক্ষার্থীদের তৃতীয় বর্ষের বিজোড় সেমিস্টার, ২৪ সিরিজের শিক্ষার্থীদের প্রথম বর্ষের ব্যাকলগ এবং ২৫ সিরিজের শিক্ষার্থীদের প্রথম বর্ষের বিজোড় সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে। বহিষ্কারের মেয়াদ শেষ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা পুনঃভর্তির মাধ্যমে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
এছাড়া পরীক্ষার হল থেকে জব্দ করা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও অন্যান্য সামগ্রী নিয়েও সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন ও ক্যালকুলেটর বিশ্ববিদ্যালয়ের হেফাজতে রাখা হবে। তাদের শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ শেষ হওয়ার পর এসব সামগ্রী ফেরত দেওয়া হবে।
এ বিষয়ে রুয়েটের ডিসিপ্লিনারি কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, ‘পরীক্ষায় অসদুপায়ের বিরুদ্ধে রুয়েট প্রশাসন অত্যন্ত কঠোর। একাডেমিক জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের সততা ও নৈতিক মূল্যবোধ অর্জন করাও জরুরি। রুয়েটে ইতোমধ্যে ব্যাকলগ ও শর্ট সেমিস্টারে অংশগ্রহণের সুযোগ পাঁচটি পর্যন্ত বাড়ানো হয়েছে। এত সুযোগ দেওয়ার পরও পরীক্ষায় অসাধুপন্থা অবলম্বন করা অত্যন্ত উদ্বেগজনক।
মনির হোসেন মাহিন/এএইচ/জেআইএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
