গান, গল্প, কবিতা আর অভিনয়ের মধ্য দিয়ে আনন্দময় পরিবেশে পাঠদান। গতানুগতিক শিক্ষার বাইরে সৃজনশীল চর্চায় মেতে উঠেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার খুদে শিক্ষার্থীরা। শিশুদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে ১৬ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ভজনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয় ‘গান-গল্প-কবিতা’ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ। এ সময় বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হামিদুর হাসান লাবু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুলার রহমান এবং কারিগরের প্রতিষ্ঠাতা সরকার হায়দারসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় সহস্রাধিক দর্শক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গান, গল্প, কবিতা ও অভিনয়ের মাধ্যমে শিশুরা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পায়। আনন্দঘন পরিবেশে পাঠ্যবিষয়কে সৃজনশীল উপায়ে উপস্থাপনের এ উদ্যোগ শিক্ষার্থীদের কল্পনাশক্তি, আত্মবিশ্বাস ও প্রকাশক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে। একই সঙ্গে তাদের মধ্যে সাহিত্য, সংগীত ও সংস্কৃতির প্রতি ভালোবাসা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়।
শিক্ষক ও অভিভাবকদের মতে, শিশুদের পরিপূর্ণ বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দেয়। পাশাপাশি তাদের মধ্যে মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও সৃজনশীল চিন্তাভাবনার বিকাশ ঘটায়।
আয়োজকদের প্রত্যাশা, শিশুদের জন্য আনন্দময় ও সৃজনশীল শিক্ষার পরিবেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিশুদের সম্পৃক্ত করা গেলে তারা পড়াশোনার পাশাপাশি নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে। মোস্তাক আহম্মেদ এর নির্দেশনা ও পরিচালনায় গান গল্প কবিতার মাধ্যমে পাঠ দান অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
