ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেল দীর্ঘ বিরতির পর আবারও সামাজিক মাধ্যমে সক্রিয় হয়েছেন। আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর বেশ কিছুদিন আড়ালে ছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেতা। ঘটনার এক মাসেরও বেশি সময় পর তার নতুন পোস্ট সামনে আসতেই ভক্ত ও অনুসারীদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের সেট থেকে একটি ছবি প্রকাশ করেন পাভেল। ছবিতে তাকে একটি কালো রঙের ম্যানিকুইনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ধারাবাহিকটির জনপ্রিয় চরিত্র পাশা ভাইয়ের ভূমিকায় অভিনয় করা মারজুক রাসেলের কক্ষে সাধারণত এই ম্যানিকুইনটি দেখা যায়। ফলে ছবিটি প্রকাশের পর সেটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
ছবিতে ম্যানিকুইনটির গায়ে জড়ানো রয়েছে নীল রঙের কাপড়। মুখে জোকারের মুখোশ এবং পরনে ব্যাঙের ছাপযুক্ত অন্তর্বাস। পুতুলটির দিকে হাস্যরসাত্মক ভঙ্গিতে তাকিয়ে থাকতে দেখা যায় পাভেলকে। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লেখেন, ‘যাদেরকে বন্ধু-বান্ধব ভাবছিলি এরাই আসল ম্যাঙ্গো মাদার কুইন সন।’
পোস্টটির মাধ্যমে পাভেল কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট নয়। তবে দীর্ঘদিন পর সামাজিক মাধ্যমে ফিরে এসে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সেট থেকে এমন ছবি প্রকাশ করায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। সাম্প্রতিক বিতর্কের পর তার এই প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের মধ্যেও আগ্রহ দেখা যাচ্ছে।
সাইদুর রহমান পাভেলের পরিচিতি শুধু বাংলাদেশের দর্শকদের মধ্যেই সীমাবদ্ধ নয়। ভারতের জনপ্রিয় কৌতুকবিষয়ক রিয়েলিটি অনুষ্ঠান ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে দুই বাংলায় পরিচিতি পান তিনি। প্রতিযোগিতাটিতে দ্বিতীয় রানারআপ হওয়ার কৃতিত্ব অর্জন করেন পাভেল। এই অর্জন তার বিনোদনজগতের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতিযোগিতা শেষে দেশে ফিরে মঞ্চে অনুষ্ঠান এবং ছোট ছোট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজের অবস্থান তৈরির চেষ্টা করেন তিনি। তবে শুরুতে প্রত্যাশিত পরিচিতি পাননি এই অভিনেতা। ধীরে ধীরে অভিনয়ের অভিজ্ঞতা অর্জন করেন এবং বিভিন্ন কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যান।
নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু হয় পাভেলের। এরপর বিভিন্ন কাজের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকেন তিনি। তবে তার অভিনয়জীবনে বড় পরিবর্তন আসে নির্মাতা কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয়ের সুযোগ পাওয়ার পর।
এই ধারাবাহিকে ‘জাকির হোসেন নেইমার’ তথা ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন পাভেল। তার অভিনীত চরিত্রটি দর্শকদের কাছে আলাদা পরিচিতি পায়। সংলাপ, হাস্যরসাত্মক উপস্থাপন ও অভিনয়ের নিজস্ব ধরন দিয়ে দর্শকদের মনোযোগ আকর্ষণ করেন তিনি।
ধারাবাহিকটির মাধ্যমে অল্প সময়ের মধ্যেই ছোটপর্দার পরিচিত মুখ হয়ে ওঠেন পাভেল। চরিত্রটি তার অভিনয়জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। দর্শকদের কাছে তিনি ‘জাকির’ নামেই পরিচিতি লাভ করেন।
তবে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর ভিডিওকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েন এই অভিনেতা। ওই ঘটনার পর দীর্ঘ সময় তাকে সামাজিক মাধ্যমে সক্রিয় দেখা যায়নি। আলোচনা-সমালোচনার মধ্যেই এবার নতুন ছবি প্রকাশ করে সামনে এলেন তিনি।
দীর্ঘ বিরতির পর পাভেলের এই প্রত্যাবর্তন ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে। তার নতুন পোস্টটি কোনো নির্দিষ্ট ঘটনার প্রতিক্রিয়া কি না, সে বিষয়ে অবশ্য স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। আপাতত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সেট থেকে প্রকাশ করা ছবিটিই সামাজিক মাধ্যমে তার নতুন উপস্থিতি ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
এমএমটি
-20261023075316.jpg&w=1440&q=75)