সাতক্ষীরা সদর উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শামীমা নাসরিন (৩৫) নামের এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার স্বামী আব্দুল মজিদ গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার বৈকারী ইউনিয়নের 'মোল্লার মোড়' এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত শামীমা নাসরিন উপজেলার ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) বিষয়ের শিক্ষক এবং বৈকারী গ্রামের মো. জালালউদ্দীনের মেয়ে। আহত স্বামী আব্দুল মজিদকে স্থানীয় উদ্ধার করে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্বামী আব্দুল মজিদের মোটরসাইকেলে চড়ে শামীমা নাসরিন বাবার বাড়ি থেকে নিজ কর্মস্থল ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বৈকারী মোল্লার মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি রাস্তার বাম দিকে বাঁক নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান শিক্ষিকা শামীমা নাসরিন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। বর্তমানে সেটি স্থানীয় বৈকারী ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু বা সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘাতক চালককে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
