শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় দায়িত্বপূর্ণ এলাকায় তিন হাজার ৪০০ সদস্য মোতায়েন করছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
সাব্বির আলম সুজন বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সব ধরনের চোরাচালান, মাদক ও মানবপাচার রোধে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়াও বিভিন্ন সময়ে সরকারের নির্দেশনা মোতাবেক বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও সর্বসাধারণের জান-মাল রক্ষায় কৃতিত্বপূর্ণ অবদান রেখে চলেছে কোস্ট গার্ড।
প্রতি বছরের ন্যায় কোস্ট গার্ড আওতাধীন এলাকাসমূহে হিন্দু ধর্মাবলম্বীদের মহোৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ধর্মীয় উপাসনালয়সহ পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে কোস্ট গার্ডের ৩ হাজার ৪০০ সদস্য মোতায়েন করা হবে।
টহল কার্যক্রম বৃদ্ধিসহ স্পর্শকাতর স্থানগুলোতে গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে।
কোস্ট গার্ড দায়িত্বপূর্ণ এলাকায় ঢাকা জোন ৩৭ টি, পূর্ব জোন (চট্টগ্রাম) ৬৩ টি, পশ্চিম জোন (মোংলা) ১৪৪ টি ও দক্ষিণ জোন (ভোলা) ৩৭১ টিসহ সর্বমোট ৬১৫ টি মন্দির ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করবে।
সাব্বির আলম সুজন আরও বলেন, দুর্গাপূজাকে সামনে রেখে যেকোনো ধরনের নাশকতা থেকে জনগণের জানমাল এবং উপাসনালয়সমূহ রক্ষা করা ও যেকোনো ধরনের সাম্প্রদায়িক উসকানি, গুজব কিংবা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। প্রতিমা বিসর্জনের দিন অতিউৎসাহী জনগণকে ধারণ ক্ষমতার অতিরিক্ত নৌযানে ওঠা থেকে বিরত রাখা, নৌযানে অবস্থানরত অবস্থায় সকলের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করা ও সাঁতার না জানা ব্যক্তিকে নৌযানে না ওঠার পরামর্শ প্রদানসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণার ব্যবস্থা গ্রহণ করেছে কোস্ট গার্ড।
এছাড়াও প্রতিমা বিসর্জনের স্থানসমূহে নৌকাডুবির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনায় উদ্ধারের নিমিত্তে কোস্ট গার্ডের বিশেষ ডুবুরিদল সর্বদা প্রস্তুত থাকবে।
সাব্বির আলম সুজন বলেন, কোস্ট গার্ডের এ ধরনের জননিরাপত্তামূলক কার্যক্রম ১৬ অক্টোবর ২০২৬ তারিখ হতে প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।
জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহযোগিতা পেতে কোস্টগার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
