Published on
:
1 min read
জাতীয় সড়কের পাশে একটি হোটেলের সামনে দাঁড়িয়ে ছিল যাত্রিবাহী বাস এবং অন্যান্য গাড়ি। দ্রুতগতিতে আসা একটি লরি সজোরে পর পর ধাক্কা মারে সেই দাঁড়িয়ে থাকা গাড়িগুলিতে। এই ঘটনায় সরকারি বাসের কন্ডাক্টর মৃত্যু হয়েছে। এ ছাড়াও আহত হয়েছেন কয়েক জন।
বুধবার গভীর রাতে ১৬ নম্বর জাতীয় সড়কের উপরে নারায়ণগড়ে দুর্ঘটনাটি ঘটে। জাতীয় সড়কের পাশে একটি হোটেলের সামনে দাঁড়িয়ে ছিল একাধিক যাত্রিবাহী বাস। সেই সময়ে খড়্গপুরের দিক থেকে আসা একটি লরি এসে সজরে বাসগুলিতে ধাক্কা মারে। মৃত বাস কন্ডাক্টার সৈকত প্রামানিক (২৯) দুর্গাপুরের ক্ষুদিরাম কলোনির বাসিন্দা। এ ছাড়াও আহত হয়েছেন আট জন।
নারায়ণগড় থানার পুলিশ জানিয়েছে, ঘাতক লরিটিকে পুলিশ আটক করেছে। ওই লরির খালাসিকে পুলিশ আটক করলেও চালক পলাতক। লরির চালককে পুলিশ খুঁজছে। স্থানীয়রা জানিয়েছেন, পর পর ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ে তিনটি বাস-সহ মোট পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, ঘাটাল থেকে ওডিশাগামী একটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচরে গিয়েছে। খবর পেয়ে নারায়ণগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।