রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। আজ (শুক্রবার) সকাল থেকে তারা পুনরায় কর্মস্থলে যোগ দেবেন বলে ঘোষণা দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলামের সঙ্গে চিকিৎসকদের একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে দাবি বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক আশ্বাস পেয়ে চিকিৎসকেরা আন্দোলন প্রত্যাহারের এ সিদ্ধান্ত নেন।
হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিজেদের নানা দাবি-দাওয়া নিয়ে ইন্টার্ন চিকিৎসকেরা পরিচালকের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন। আলোচনার পর চিকিৎসকেরা কর্মবিরতি তুলে নেন এবং শুক্রবার সকাল থেকে নিয়মিত কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানান।
এর আগে পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে হঠাৎ কর্মবিরতি শুরু করেন হাসপাতালের প্রায় ২৫০ জন ইন্টার্ন চিকিৎসক। আকস্মিক এই আন্দোলনের ফলে সকাল থেকেই চিকিৎসাসেবা ব্যাহত হয় এবং জরুরি সেবা নিতে আসা রোগী ও ভর্তি থাকা সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েন।
ইন্টার্ন চিকিৎসকদের উত্থাপিত দাবির মধ্যে ছিলÑ ওয়ার্ডগুলোতে পর্যাপ্ত প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা, চিকিৎসকদের সার্বিক নিরাপত্তা জোরদার করা, প্রত্যেক রোগীর সঙ্গে দুজনের বেশি দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া, ওয়ার্ডগুলোতে ২৪ ঘণ্টা আনসার সদস্যদের সক্রিয় ডিউটি নিশ্চিত করা এবং অনতিবিলম্বে ক্যাজুয়ালটি বিভাগ চালুর ব্যবস্থা গ্রহণ করা।