কিশোরগঞ্জের কুলিয়ারচরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জুনায়েদ আহমেদ (২০) নামের এক উদীয়মান তরুণ ফুটবলারের অকালমৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত জুনায়েদ কুলিয়ারচর পৌরশহরের কামালিয়াকান্দি মহল্লার ফালু মিয়ার ছেলে। পেশায় ইলেক্ট্রিশিয়ান হলেও স্থানীয় ফুটবল অঙ্গনে তিনি ছিলেন অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ। স্থানীয় 'বাজরা ব্রাদার্স ফুটবল একাদশ'-এর অধিনায়ক হিসেবে মাঠে সতীর্থদের নেতৃত্ব দিতেন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন জুনায়েদ। বৃহস্পতিবার জ্বর কিছুটা কমলেও সন্ধ্যার দিকে হঠাৎ তাঁর মাথা ঘোরাতে শুরু করে। দ্রুত তাঁকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু শনাক্ত হয়।
পরবর্তীতে অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নিয়ে যাওয়ার পথে নরসিংদীর বেলাব উপজেলার পোড়াদিয়া এলাকায় পৌঁছালে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই তরুণ ফুটবলার।
জুনায়েদের আকস্মিক মৃত্যুর খবরে স্থানীয় ক্রীড়াঙ্গন, পরিবার ও বন্ধুদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সতীর্থরা জানান, ডুমরাকান্দায় আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে তাঁর অধিনায়কত্বে মাঠে নামার কথা ছিল পুরো দলের। অধিনায়কের নেতৃত্বেই ট্রফি জয়ের অপেক্ষায় ছিলেন সবাই, কিন্তু সেই ফাইনাল খেলা আর খেলা হলো না জুনায়েদের।
একদিকে জীবিকার তাগিদে তরুণ বয়সেই ইলেক্ট্রিশিয়ানের কাজ, অন্যদিকে সবুজ ঘাসের মাঠে ফুটবলের নেতৃত্ব-স্বপ্ন আর পরিশ্রমে ভরা মাত্র ২০ বছরের এক সম্ভাবনাময় তরুণের পথচলা থমকে গেল ডেঙ্গুর নির্মম থাবায়।
