দেশে ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত মশাবাহিত এই রোগে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৮৮ জন। এ নিয়ে চলতি অক্টোবরের প্রথম ১৮ দিনে ডেঙ্গুতে প্রাণহানি ১০০ ছাড়িয়েছে। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন করে মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা সিটির বাইরের হাসপাতালে একজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে দুজন এবং সিলেটে একজন চিকিৎসাধীন ছিল। একই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৮৮ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২৩২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ২৩১ জন। এ ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫৯৫ জন। ঢাকার বাইরে বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে খুলনায়, ২৯০ জন। এ ছাড়া রাজশাহীতে ২০০, বরিশালে ১৯৯, চট্টগ্রামে ১৬১, ময়মনসিংহে ৯৩, সিলেটে ১৫ এবং রংপুরে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতেও মারা যায় দুজন। এরপর মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়। অক্টোবরে এখন পর্যন্ত মারা গেছে ১০৩ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৩৪৮ জনের মৃত্যু হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১২ হাজার ৪০০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৬ হাজার ২৬ জন।
