যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিতের ঘটনায় নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের স্বার্থ সুরক্ষার দাবিতে মৌন প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা।
রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তাঁরা মুখে কালো কাপড় বেঁধে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে নীরব প্রতিবাদ জানান।
সমাবেশ থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের পাশাপাশি অনিয়মে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের স্বার্থ সুরক্ষা, তাঁদের ভোগান্তি লাঘব এবং পরবর্তী নিয়োগ পরীক্ষার বিষয়ে দ্রুত ও স্বচ্ছ সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানায় সংগঠনটি।
সংগঠনটির নেতাকর্মীরা বলেন, চাকরিপ্রত্যাশীরা দীর্ঘদিন ধরে প্রস্তুতির জন্য সময়, শ্রম ও অর্থ ব্যয় করেন। নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এবং এর পরিপ্রেক্ষিতে পরীক্ষা স্থগিতের ঘটনায় তাঁদের অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। চাকরিপ্রত্যাশীদের শ্রম, মেধা ও স্বপ্নের মর্যাদা রক্ষায় নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো, প্রশ্ন ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, অভিযোগের সত্যতা যাচাই করে জড়িত ব্যক্তিদের আইনানুগ জবাবদিহির আওতায় আনা, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পরবর্তী নিয়োগ পরীক্ষার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো ও ভবিষ্যতে প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করা।
সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বেরোবি শাখার আহ্বায়ক শাহরিয়ার সোহাগ, সদস্যসচিব মিজানুর রহমান মিনারসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
