কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) হত্যা মামলার চার্জশিট আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান। গত শনিবার সন্ধ্যায় যুবদলকর্মী আবু কাউছার হত্যা মামলার রহস্য উদ্ঘাটন এবং প্রধান দুই অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, অপ্রতীম হত্যা মামলায় তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা হলেন সাইফুল ইসলাম তুহিন, মোজাম্মেল হোসেন ফাহাদ ও মো. কামরুল হাসান। আরও বলেন, অপ্রতীম হত্যাকাণ্ডের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। ইনশাআল্লাহ, এই সপ্তাহের মধ্যে, সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মধ্যে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হবে।
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতীম। পরদিন দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এ ঘটনায় সাইফুল ইসলাম তুহিন, মোজাম্মেল হোসেন ফাহাদ, মো. কামরুল হাসান ও মো. সিয়ামসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলাটির বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।
