একজন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়জীবনে পড়াশোনার পাশাপাশি প্রয়োজন সুসংগঠিত দল পরিচালনা এবং কার্যকর যোগাযোগ কৌশলের দক্ষতা। যেসব দক্ষতার মাধ্যমে তিনি তাঁর কর্মজীবন এবং ভবিষ্যৎকে এগিয়ে নিতে পারেন। তরুণদের এ বিষয়ে উদ্বুদ্ধ করতে ‘লিডারশিপ অ্যান্ড টিম ম্যানেজমেন্ট সেমিনার ২০২৬’ শিরোনামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ড্যাফোডিল বন্ধুসভা। ৮ অক্টোবর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. আমিনুল ইসলাম সেমিনার হলে এটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে ড্যাফোডিল বন্ধুসভার সভাপতি মুসাভভির সাকির নেতৃত্ব প্রদানের গুণাবলি ও নিজের জীবনের নানারকম অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, একজন নেতা হতে গেলে মানুষকে আলাদা করে তাঁর নেতৃত্ব দেওয়ার দক্ষতা সম্পর্কে জানানোর প্রয়োজন পড়ে না। যেকোনো সামাজিক দলগত কাজের মাধ্যমে কোনো জায়গার উন্নয়নের কাজে সাহায্য করে আস্থার জায়গা তৈরি করা যায়। পরবর্তী সময়ে মানুষই তাদের প্রয়োজনে আবার তাঁর কাছে ফিরে আসে।
মুসাভভির সাকির একজন নেতার বৈশিষ্ট্য তুলে ধরেন। একজন প্রকৃত নেতা কেবল নির্দেশ প্রদান করেন না, বরং দলের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে লক্ষ্য অর্জনে কাজ করেন। এ ছাড়া একটি দল কীভাবে গঠন করা যায়, কীভাবে ব্যবস্থাপনা করতে হয় ইত্যাদি বিষয়ও আলোচনায় উঠে আসে।
ম্যাগাজিন সম্পাদক রিফাতুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য নুসরাত জাহান নেতৃত্ব নিয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। বিশ্ববিদ্যালয়সহ ভবিষ্যৎ কর্মক্ষেত্রে দলগত কাজের মাধ্যমে কীভাবে নিজের জায়গাকে আরও সমৃদ্ধ করা যায় সে বিষয়টি উল্লেখ করেন তাঁরা।
অর্থ সম্পাদক রিজভী আমিন বলেন, দলগত কাজে সময় সচেতনতা, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ এবং সঠিক যোগাযোগব্যবস্থা যেকোনো কাজকে সাফল্য এনে দিতে সাহায্য করে।

সাধারণ সম্পাদক অনীক ভূষণ সাহা বলেন, নেতৃত্ব প্রদানের গুণাবলি একজন মানুষকে তাঁর কাজের প্রতি দায়িত্বশীল করে তোলে। সব সময় মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করতে হবে।
এরপর সভাপতি মুসাভভির সাকির ও সাধারণ সম্পাদক অনীক ভূষণ সাহা নতুন স্বেচ্ছাসেবক কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। মডারেটর হিসেবে নির্বাচিত হয়েছেন বন্ধু প্রাতুল সাহা ও নাভিদ নওরাজ; লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন বন্ধু শাহরিয়ার শ্রাবণ ও রাফসান সিয়াম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আবিদুর রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জেবা আনিকা। তাঁরা আশাবাদ ব্যক্ত করে বলেন, ড্যাফোডিল বন্ধুসভার এ ধরনের আয়োজন ভবিষ্যতে বন্ধুদের নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করবে।
বন্ধু, ড্যাফোডিল বন্ধুসভা
