বিশেষ প্রতিনিধি:
মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যায়িত করে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
সম্মেলন শেষে সাংবাদিকদের ধর্মমন্ত্রী জানান, মাদ্রাসার মতো পবিত্র স্থানে যাতে এ ধরনের গর্হিত কাজ না ঘটে, সে বিষয়ে জুমার খুতবায় সচেতনতামূলক বক্তব্য প্রদানের জন্য ইমামদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে সারা দেশ থেকে আসা ইমামদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, কেউ যেন উসকানি দিয়ে দেশের দীর্ঘদিনের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সমাজে ইমামদের ব্যাপক গ্রহণযোগ্যতার কথা তুলে ধরে তিনি বলেন, মাদক, সন্ত্রাসসহ নানা সামাজিক অপকর্মের বিরুদ্ধে খুতবায় জোরালো বক্তব্য রাখতে হবে।
এদিকে অনুষ্ঠানে জাতীয় ইমাম সমিতির নেতৃবৃন্দ তাদের বেতন-ভাতা বৃদ্ধি ও পেশাগত বিভিন্ন সমস্যার কথা ধর্মমন্ত্রীর কাছে তুলে ধরেন।

