যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যে শিশু-কিশোরদের ফুটবল খেলা চলাকালে মাঠে ট্রাক উঠে যাওয়ার ঘটনায় ছয় বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১১ জন। শনিবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, নিহত অপর ব্যক্তির বয়স ৩৫ বছর। আহত ব্যক্তিদের বয়স ৫ থেকে ৬৮ বছরের মধ্যে। এ ঘটনায় ট্রাকচালক ৩৪ বছর বয়সি এক নারীকে হেফাজতে নিয়েছে পুলিশ। উইচিটা পুলিশের ক্যাপ্টেন অ্যারন মোজেস জানান, কীভাবে এবং কেন এ ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে। ট্রাকটি ইচ্ছাকৃতভাবে মাঠে তোলা হয়েছিল কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। ট্রাকটিতে আরও দুটি শিশু ছিল বলেও জানান তিনি। উইচিটা পুলিশের প্রধান জো সুলিভান বলেন, জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেখানে উপস্থিত লোকজন আহতদের জীবন বাঁচাতে এগিয়ে আসেন। তাদের তাৎক্ষণিক উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, এটি অসাধারণ এবং উইচিটার মানুষের মানসিকতার পরিচায়ক। শহরটির মেয়র লিলি উ তদন্ত চলাকালে ঘটনাস্থল ও আশপাশের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।