কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন, সরকার যদি বিধবা কার্ড চালু করে, এমপির বউ সবার আগে নেবে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর ছাত্রশক্তির আয়োজিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, সারের ডিলার নিয়ে কিছুদিন আগে নিয়োগ প্রক্রিয়া হয়েছে। সেখানে দেখা গেছে, এমপির ছেলেও সারের ডিলার পেয়েছে, এমপির মেয়েও সারের ডিলার পেয়েছে, আবার এমপির শালীও কার্ড পেয়েছেন।
তিনি বলেন, এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে, তাহলে দেখা যাবে এমপির বউও এ কার্ড আগে নেবে। বাংলাদেশের অবস্থাটাই হচ্ছে এমন। এমনকি বেকার কার্ডও তারা আগে পাবে।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপির মহানগর আহ্বায়ক শওকত আলী, জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সরদার, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।
