নওগাঁর মহাদেবপুরে বিদ্যুৎ না থাকায় অতিরিক্ত গরমে ‘গ্রীন জন এগ্রো ফ্লক’একটি পোলট্রি খামারে প্রায় ৬০০ মুরগির মৃত্যু হয়েছে। খামার মালিক জানান মারা যাওয়া মুরগিগুলো আগামীকাল থেকে বিক্রি শুরু করার কথা ছিল।
রোববার (১১ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার খাজুর ইউনিয়নের কুমারপাড়া এলাকার ‘গ্রীন জন এগ্রো ফ্লক’ নামের খামারে এ ঘটনা ঘটে। খামারটির মালিক মোছা. হাসিনা খাতুন। তার স্বামী সাংবাদিক মো. তৌফিক ইকবাল।
সাংবাদিক মো. তৌফিক ইকবাল জানান, বিদ্যুৎ না থাকায় খামারের ভেতরে তাপমাত্রা বেড়ে যায়। অতিরিক্ত গরমে মুরগিগুলো স্ট্রোক করে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। দুপুর থেকে বিকেল পর্যন্ত পর্যায়ক্রমে মুরগিগুলোর মৃত্যু হয়। আগামীকাল থেকে মুরগি বিক্রি শুরু করার কথা থাকলেও একসঙ্গে এত মুরগি মারা যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তারা।
তিনি বলেন, তাদের খামারের পাশের আরেকটি খামারেও একই ধরনের সমস্যা হয়েছে। তবে ওই খামারে কতটি মুরগি মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে এখনো প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়নি বলে জানিয়েছেন তৌফিক ইকবাল। ফলে মুরগি মৃত্যুর প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হয়নি।
