রেললাইনের উপর পড়ে ক্রেনের অংশ। সরানোর আগেই ছুটে এল ট্রেন। ঝড়ের গতিতে এসে ক্রেনের অংশটিকে ধাক্কা মারল ট্রেনটি। ক্রেনের অংশটি ছিটকে এসে ব্যস্ত রাস্তার উপর পড়ল। ভেঙেও গেল। ভয় ধরানো সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও সেটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি শনিবার সকালে ঘটেছে। ব্রাজ়িলের সাও পাওলোর লাইন ১৫ সিলভার মনোরেলের উড়ালপুলে ক্রেনের একটি অংশ পড়ে যায়। জানা গিয়েছে, দুর্ঘটনাটি ক্যামিলো হাদ্দাদ স্টেশনের কাছে ওরাতোরিও এবং সাও লুকাস স্টেশনের মাঝে ঘটেছে। এর ফলে সেই লাইনের নির্দিষ্ট অংশে বেশ কিছু ক্ষণের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়। এই ঘটনায় ক্রেনচালক গুরুতর আহত হয়েছেন। তবে পথচারী বা অন্যান্য কেউ আহত হননি বলে খবর।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রেললাইনের উড়ালপুলের ধার ঘেঁষে রয়েছে ক্রেনের একটি অংশ। এমন সময় সেই লাইন ধরে ছুটে আসতে লাগল একটি ট্রেন। দ্রুত গতিতে এগিয়ে এল ট্রেনটি। ক্রেনের অগ্রভাগের সঙ্গে সেটির সংঘর্ষ হল। কিন্তু ট্রেনটি তা সত্ত্বেও কোনও রকম প্রতিবন্ধকতা ছাড়াই এগিয়ে গেল। তবে ক্রেনের নির্দিষ্ট অংশটি ট্রেনের অভিঘাত সামলাতে পারেনি। দু’খণ্ডে ভেঙে গেল সেটি। উড়ালপুল থেকে কার্যত ছিটকে রাস্তার উপর আছড়ে পড়ল ক্রেনের অংশটি। তারের সঙ্গে ঘষা লাগায় অগ্নিস্ফুলিঙ্গ বেরিয়ে আসতেও দেখা গেল। পথচারীদের মধ্যে হইহই পড়ে গেল। সৌভাগ্যক্রমে কোনও মানুষ বা গাড়ির উপর ক্রেনের অংশটি পড়ল না। একটি চারচাকা একটুর জন্য বড় বিপদ থেকে বেঁচে গেল।
‘আর_টি_ভিস্যুয়াল_অন_এক্স’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ৩৭ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। নেটাগরিকেরা ভিডিয়োটি দেখে আতঙ্কিত। কোনও মানুষের উপর ক্রেনের অংশটি ভেঙে পড়লে কী হত তা ভেবেই শিউড়ে উঠছেন অধিকাংশ নেটাগরিক।
