রাজবাড়ীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুর আলম নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার চন্দনী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুর আলম (২৮) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পাইপাড়া এলাকার সুতাইল গ্রামের সাকাউল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি বাস চন্দনী বাসস্ট্যান্ড পার হওয়ার পরপরই মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল চালককে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’
