ঢাকা: যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রাজধানীতে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ‘প্রবারণা পূর্ণিমা’।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বাড্ডা বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে ফানুস উড়িয়ে এই বিশেষ উৎসবের আয়োজন করা হয়। এ সময় পুরো মন্দির এলাকা ও আশপাশের আকাশ হাজারো প্রদীপের আলো আর ফানুসের মায়াবী আভায় রঙিন হয়ে ওঠে। অনুষ্ঠানে জগতের সকল প্রাণীর সুখ ও শান্তি কামনায় আকাশে শত শত রঙিন ফানুস উড়িয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন উপস্থিত পুণ্যার্থীরা।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, প্রবারণা পূর্ণিমা পালন ভিক্ষু ও গৃহীদের পাপমোচন এবং আত্মশুদ্ধির পথ সুগম করে। এ উপলক্ষ্যে বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ, প্রদীপপূজা ও ফানুস ওড়ানোসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হয়। আজকের এই বিশেষ দিনে বাড্ডা বৌদ্ধ মন্দিরে সকাল থেকেই ছিল ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সকালের প্রার্থনাসভা, বুদ্ধপূজা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ এবং প্রদীপ প্রজ্বলনের পর সন্ধ্যায় ফানুস ওড়ানোর মাধ্যমে উৎসবের মূল আকর্ষণ ফুটিয়ে তোলা হয়।
উৎসবে অংশ নেওয়া পুণ্যার্থীরা জানান, ফানুস ওড়ানো কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এর মাধ্যমে তারা অহিংসা, মৈত্রী ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে চান। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বিক মঙ্গল, শান্তি ও অগ্রগতির প্রার্থনা করা হয়েছে এই বিশেষ তিথিতে।
ফানুস ওড়ানোর সময় সব ধর্মের মানুষের উপস্থিতি উৎসবটিকে একটি সর্বজনীন ও সম্প্রীতির মেলবন্ধনে রূপ দেয়। আনন্দঘন এই আয়োজনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ছিল।
