মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্য দিয়ে প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।
ইশরাক হোসেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য। তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন আহমেদ আযম খান।
মন্ত্রিসভায় সদস্যসংখ্যা কমে ৫০
ইশরাক হোসেনের পদত্যাগের ফলে সরকারের মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। বর্তমানে প্রধানমন্ত্রীসহ পূর্ণ মন্ত্রীর সংখ্যা ২৭ জন। অন্যদিকে, প্রতিমন্ত্রী রয়েছেন ২৩ জন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ইশরাক হোসেন তার লিখিত পদত্যাগপত্র জমা দেন। নিয়ম অনুযায়ী, পদত্যাগপত্রটি প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করার পর মঙ্গলবার এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ইশরাক হোসেন।
আগ্নেয়াস্ত্র হাতে অভিযান ঘিরে বিতর্ক
গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রকাশ্যে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিতর্কের মুখে পড়েন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য। ওই অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয়।
এ ঘটনার পর গত রোববার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাক হোসেনকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পরদিন সোমবার সংবাদ সম্মেলন করে পদত্যাগের সিদ্ধান্ত জানান ইশরাক।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করেন ইশরাক
সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, আত্মরক্ষার স্বার্থেই তিনি সাময়িকভাবে অস্ত্র হাতে নিয়েছিলেন। এ ঘটনায় কোনো আইন লঙ্ঘন করেননি বলেও দাবি করেন তিনি।
তবে দলের ভাবমূর্তি রক্ষা এবং সম্মান অক্ষুণ্ণ রাখার স্বার্থে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
ইশরাক হোসেন আরও বলেন, প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও মাদকের বিরুদ্ধে তার কার্যক্রম বন্ধ হবে না। সাধারণ দলীয় কর্মী হিসেবে মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে সরকারের প্রতিমন্ত্রী হিসেবে ইশরাক হোসেনের দায়িত্বের আনুষ্ঠানিক অবসান হলো।
The post ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি appeared first on SATV.
