ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ইসলামাবাদ। নিষেধাজ্ঞা আগামী ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) শনিবার (১৭ অক্টোবর) একটি ‘নোটিশ টু এয়ারমেন’ জারি করে এ বার্তা দিয়েছে।
পিএএর এক মুখপাত্র জানিয়েছেন, এই নতুন নিষেধাজ্ঞা আগামী ২৪ নভেম্বর ভোর ৫টা পর্যন্ত কার্যকর থাকবে।
ভারত-অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। এর ফলে সৃষ্ট কূটনৈতিক ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান ভারতীয় বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।
ভারত এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ তোলে। ইসলামাবাদ দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করে এবং একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানায়।
পাকিস্তানের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ভারত ২০২৫ সালের ৩০ এপ্রিল পাকিস্তানি এয়ারলাইনসগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়।
ওই বছরের ৬ ও ৭ মে ভারত পাকিস্তানের কয়েকটি শহরে হামলা চালালে উত্তেজনা আরও বাড়ে। এর জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’ শুরু করে এবং বড় আকারের প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে ভারতের বেশ কয়েকটি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে।
এই সংঘাতের সময় পাকিস্তান দাবি করে, তারা তিনটি রাফাল যুদ্ধবিমানসহ ভারতের আটটি যুদ্ধবিমান এবং কয়েক ডজন ড্রোন ভূপাতিত করেছে। প্রায় ৮৭ ঘণ্টা ধরে চলা এই সংঘাতের পর ১০ মে পারমাণবিক অস্ত্রধারী এই দুই প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়।
আকাশসীমা সংক্রান্ত এই বিধিনিষেধের ফলে ভারতের এভিয়েশন খাত বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে, যেখানে পাকিস্তানের এভিয়েশন শিল্পে তুলনামূলক কম বিঘ্ন ঘটেছে।