শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
মঙ্গলবার সকালে ঝালকাঠি ডায়াবেটিক সমিতির আয়োজনে নির্মাণাধীন সৈয়দ মোয়াজ্জেম জেনারেল ও ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় হাসপাতালের সার্বিক উন্নয়ন ও স্বাস্থ্যসেবার মান আরও বাড়াতে ৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি।
মতবিনিময় সভায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে শৃঙ্খলা বজায় রাখা, সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন ড. জিয়াউদ্দিন হায়দার। পাশাপাশি রোগ প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে ডায়াবেটিস শনাক্তকরণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপরও জোর দেন তিনি।
ঝালকাঠি ডায়াবেটিক সমিতির আয়োজনে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, স্থানীয় চিকিৎসক ও বিশিষ্ট সুধীজন।
আজকালের খবর/কাওছার আল হাবীব
