রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’। এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া আট সিজনের চারটিতেই বিচারকের আসনে দেখা গেছে চিত্রনায়িকা পূর্ণিমাকে। গত সিজনেও তিনি প্রতিযোগীদের রান্না চেখে নির্বাচন করেছেন সেরাদের। নতুন খবর হলো, সেরা রাঁধুনীর সিজন ৯-এ পূর্ণিমার বদলে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। গতকাল এক ভিডিও বার্তায় বিচারকের দায়িত্ব পালনের খবরটি নিজেই নিশ্চিত করেছেন জয়া।
এর আগে রিয়েলিটি শোর বিচারকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকলেও রান্নার অনুষ্ঠানে এবারই প্রথম বিচারকার্যে দেখা যাবে জয়া আহসানকে। ভিডিও বার্তায় জয়া আহসান বলেন, ‘কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনী সিজন ৯-এ বিচারক হিসেবে আমি থাকছি। যাঁরা রান্না করতে ভালোবাসেন বা রান্না নিয়ে নানা রকম স্বপ্ন দেখেন তাঁদের জন্য এই আয়োজন। ২০ বছর ধরে এমন অনেক রাঁধুনীর জীবন বদলের রেসিপি হচ্ছে সেরা রাঁধুনী। সেই রাঁধুনীদের সঙ্গে শিগগির দেখা হচ্ছে সেরা রাঁধুনীর মঞ্চে।’

জয়া আহসানের সঙ্গে সেরা রাঁধুনীর নতুন এই সিজনে বিচারক হিসেবে থাকবেন দুই পেশাদার শেফ শুভব্রত মৈত্র এবং শাহিদ শাহিন। ইতিমধ্যে শুরু হয়েছে সেরা রাঁধুনী সিজন ৯-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। পুরস্কার হিসেবে বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা। অনুষ্ঠানটি প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।
খবর ছড়িয়েছে, মা হতে যাচ্ছেন পূর্ণিমা। এ কারণেই সেরা রাঁধুনীর নতুন সিজন থেকে বেরিয়ে এসেছেন তিনি। গত শুক্রবার এক রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন পূর্ণিমা। সেই অনুষ্ঠানের ভিডিও ঘিরেই তৈরি হয়েছে তাঁর মা হওয়ার গুঞ্জন। তবে এখনো মা হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি পূর্ণিমা।
