বিনোদন জগতের জনপ্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তারকাদের সোশ্যাল মিডিয়ার ছোট একটি পোস্ট কিংবা ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে চর্চার কেন্দ্রে। সম্প্রতি অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট নতুন করে নেটিজেনদের মাঝে শোরগোল ফেলে দিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় নিজের কয়েকটি নতুন ছবি প্রকাশ করে এক বিশেষ বার্তা দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ছবির ক্যাপশনে রসিকতা ও রহস্য ফুটিয়ে তুলে তিনি লেখেন, ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!’
প্রকাশিত ছবিগুলোতে তাকে দেখা গেছে অত্যন্ত হাসিখুশি ও প্রাণবন্ত ভঙ্গিতে। ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে এমন একটি মুহূর্ত, যেখানে ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভকে পরম যত্নে নিজ হাতে চমককে খাবার খাইয়ে দিচ্ছেন। আর তাদের এই চমৎকার রসায়ন মুহূর্তেই ভক্ত ও অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
উল্লেখ্য, বরিশালে জন্ম নেওয়া এই অভিনেত্রীর বেড়ে ওঠা এবং পড়াশোনা ঢাকাতেই। শৈশব থেকেই নাচের চর্চা থাকলেও বাবা-মায়ের ইচ্ছে পূরণ করতে তিনি চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করেন এবং সফলভাবে এমবিবিএস সম্পন্ন করেন। ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে মিডিয়াঙ্গনে পথচলা শুরু হলেও পরবর্তীতে ২০২০ সালে নিয়মিত অভিনয় শুরু করেন তিনি।
ব্যক্তিগত জীবনে ইতোমধ্যে নতুন অধ্যায় শুরু করেছেন চমক। গত ২০২৪ সালের ২১ জুন কুষ্টিয়ার সন্তান ও ব্যবসায়ী আজমান নাসিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি, যিনি ব্যবসার পাশাপাশি অভিনয়ের সঙ্গেও যুক্ত রয়েছেন।
