বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ১১৯ বোতল ভারতীয় মদ, একটি ঠেলাগাড়ি, ১০টি ভারতীয় কম্বল এবং ৫ হাজার ২০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করা হয়েছে। এসব মালামাল সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
সূত্র জানায়, রোববার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ৩১ বিজিবির মুন্সিপাড়া বিওপির একটি টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। সীমান্ত পিলার ১১৪০/৮-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গিলাগড়া এলাকায় পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১১৯ বোতল ভারতীয় মদ ও একটি ঠেলাগাড়ি জব্দ করা হয়।
একই দিন ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে নলুয়াপাড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৫৭ এমপি থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফারাংপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০টি ভারতীয় কম্বল জব্দ করা হয়।
এ ছাড়া সকাল আনুমানিক ৭টার দিকে বিজয়পুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১১৫২ এমপি থেকে প্রায় ৬০০ গজ ভেতরে সোমেশ্বরী নদী এলাকায় অভিযান চালায়। সেখানে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ২০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করা হয়। বিজিবি জানায়, জব্দ করা মালামাল সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম চলছে।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি, এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত দিয়ে অবৈধ পণ্য পাচার রোধ এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি ও টহল জোরদার করা হয়েছে বলেও বিজিবি সূত্রে জানানো হয়।
The post নেত্রকোনা সীমান্তে বিজিবির অভিযানে ৩ লাখ টাকার ভারতীয় মদ-কম্বল-কয়লা জব্দ appeared first on ভোরের চেতনা.
