অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক সিরিজেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফ। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে ৭ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছর পর দলকে টেস্ট জয়ের স্বাদ এনে দেন তিনি। এরপর থেকেই ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের নিয়মিত সদস্য হয়ে ওঠেন এই পেসার।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলেও রয়েছেন জোসেফ। তবে সিরিজ শুরুর আগে শারীরিক অসুস্থতায় পড়েছেন তিনি। ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশে আসা এই ক্যারিবীয় পেসার পেটের সমস্যায় ভুগছেন। ওয়েস্ট ইন্ডিজ দলের একটি সূত্র জানিয়েছে, গত দুই দিন ধরে হোটেলেই অবস্থান করছেন তিনি।
এ কারণে বসুন্ধরায় বিসিবি একাদশের বিপক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দুই দিনের প্রস্তুতি ম্যাচে খেলছেন না জোসেফ। আগামী ২৮ অক্টোবর শুরু হতে যাওয়া ঢাকা টেস্টে তার খেলা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২৮ অক্টোবর মিরপুরে। ৫ নভেম্বর সিলেটে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ১৫টি টেস্ট খেলেছেন শামার জোসেফ। এই সংস্করণে তার শিকার ৬৪ উইকেট। এ ছাড়া ১০ ওয়ানডেতে ৫টি এবং ৩০ টি-টোয়েন্টিতে ৪০টি উইকেট নিয়েছেন তিনি।