কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য। ১৯৯৬ সালে দুটি বেসামরিক বিমান ভূপাতিত করে চারজনকে হত্যার ঘটনায় রাউল কাস্ত্রোকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।
ফ্লোরিডার ১১তম জুডিশিয়াল সার্কিট কোর্টের প্রধান বিচারক আরিয়ানা ফাহার্দো ওরশান গ্রেফতারি পরোয়ানায় স্বাক্ষর করেন। এতে কাস্ত্রোকে জামিন ছাড়াই আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৯ অক্টোবর) ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমেয়ার এ ঘোষণা দিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে ফক্স নিউজ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উথমেয়ার বলেন, ‘রাউল কাস্ত্রো পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় ফ্লোরিডার চার বাসিন্দাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। এটি ছিল রাষ্ট্রীয় মদদে সংঘটিত হত্যাকাণ্ড।’
বিজ্ঞাপন
১৯৯৬ সালের ২৪ ফেব্রুয়ারির ওই ঘটনায় প্রথম ডিগ্রির হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে কাস্ত্রোর বিরুদ্ধে। মিয়ামিভিত্তিক কিউবান নির্বাসিতদের সংগঠন ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’ পরিচালিত বিমানকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল।
নিহত চারজন হলেন কার্লোস কোস্তা, পাবলো মোরালেস, মারিও দে লা পেনা ও আরমান্দো আলেহান্দ্রে জুনিয়র। তাদের মৃত্যুর ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার চেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন উথমেয়ার।
ফ্লোরিডা ডিপার্টমেন্ট অব ল এনফোর্সমেন্টের (এফডিএলই) তথ্য অনুযায়ী, গত বছর উথমেয়ারের নির্দেশে মামলাটি পুনরায় তদন্ত শুরু হওয়ার পর অঙ্গরাজ্যের রাষ্ট্রপক্ষের কৌঁসুলির কার্যালয় ও তদন্তকারীরা এই গ্রেফতারি পরোয়ানা সংগ্রহ করেন।
বিজ্ঞাপন
১৯৯৬ সালের ২৪ ফেব্রুয়ারি কিউবার যুদ্ধবিমান আন্তর্জাতিক জলসীমার ওপর দিয়ে উড়ে যাওয়া ব্রাদার্স টু দ্য রেসকিউয়ের তিনটি নিরস্ত্র সেনা বিমানের মধ্যে দুটিকে ভূপাতিত করে। এতে ওই দুটি বিমানে থাকা চারজন নিহত হন।
এফডিএলই জানিয়েছে, বিমানগুলো মায়ামি-ডেড কাউন্টির ওপা-লক্কা বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল এবং কিউবা থেকে দূরে সরে যাচ্ছিল।
বিজ্ঞাপন
একই ঘটনায় কাস্ত্রোর বিরুদ্ধে গত মে মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আদালতে অভিযোগ গঠনের পর ফ্লোরিডার এই পদক্ষেপ নেওয়া হলো। কেন্দ্রীয় পর্যায়ের অভিযোগগুলোর মধ্যে রয়েছে মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্র এবং বিমান ধ্বংস করা।
১৯৯৬ সালের ওই বিমান ভূপাতিত করার ঘটনা ওয়াশিংটন ও হাভানার মধ্যে উত্তেজনার অন্যতম কারণ হয়ে রয়েছে। কিউবার দাবি, বিমানগুলো তাদের আকাশসীমা লঙ্ঘন করেছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের বক্তব্য, বিমানগুলো আন্তর্জাতিক জলসীমার ওপর দিয়ে উড়ছিল।
৯৫ বছর বয়সী রাউল কাস্ত্রো ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত কিউবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি তার বড় ভাই ফিদেল কাস্ত্রোর উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
বিজ্ঞাপন
ফ্লোরিডার কর্তৃপক্ষ জানিয়েছে, চারজনের মৃত্যুর ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনতে তদন্ত অব্যাহত থাকবে।
কেএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
