দেশে বিদ্যুতের ঘাটতি থাকলেও শারদীয় দুর্গাপূজার সময় কোনো বিদ্যুৎ বিভ্রাট হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ বিষয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে সিরাজগঞ্জ শহরের হোসেনপুরে নিজ বাসভবন আলমাহমুদ এভিনিউয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জাতীয়তাবাদী বাংলাদেশে মুসলিম ও হিন্দু সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ধর্মের কারণে কোনো বিভাজন হবে না। বাংলাদেশে জঙ্গিবাদ বা উগ্রবাদের কোনো স্থান নেই। কেউ এসব কর্মকাণ্ডে যুক্ত থাকলে কঠোর হাতে দমন করা হবে।’
তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসার পর এবারই প্রথম দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। ওই বৈঠক থেকে সবাইকে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।’
মন্ত্রী আরও বলেন, ‘এবারই প্রথম দেশের প্রধানমন্ত্রী বিভাগীয় শহরগুলোতে পূজামণ্ডপ পরিদর্শন করবেন। বিএনপির প্রতিটি নেতাকর্মী নিজ নিজ এলাকায় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা করবেন। কোথাও কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না।’
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহসভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার কানু এবং হিন্দু কল্যাণ ট্রাস্টের উত্তরবঙ্গের নেতা অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা। এ সময় জেলার বিভিন্ন উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
/অ
