বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে জেলা ও মহানগর যুবদল। কর্মসূচির মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা এবং এতিমদের মাঝে খাবার বিতরণ।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর তেমুখিস্থ মাসুক বাজারে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হবে।
পরদিন মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রতিষ্ঠাবার্ষিকীর মূল দিনে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা (র্যালি) বের করা হবে। এছাড়া একই দিন বাদ এশা এয়ারপোর্ট রোডস্থ বাইশটিলার হযরত আলী (রা.) ইসলামিক সেন্টার মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হবে।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রাসহ ঘোষিত সব কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন সিলেট যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ। কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ জেলা যুবদলের আওতাধীন ১৩টি উপজেলা ও ৫টি পৌরসভা এবং মহানগর যুবদলের অধীনস্থ ৪২টি ওয়ার্ড ও ৬টি থানা শাখার সকল নেতাকর্মীকে যথাসময়ে মিছিলসহ কর্মসূচিতে উপস্থিত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক করার অনুরোধ জানিয়েছেন।
শেয়ার করুন

