দ্য ডেইলি স্টারের পটুয়াখালী সংবাদদাতা মো. সোহরাব হোসেন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তিনি মারা যান। হাসপাতালের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্টের কথা উল্লেখ করা হয়েছে।
পরিবারের বরাত দিয়ে ডেইলি স্টারের বরিশাল সংবাদদাতা সুশান্ত ঘোষ জানান, পটুয়াখালীর আউলিয়াপুরে নিজ বাড়ি থেকে সদরে যাওয়ার সময় সকাল সাড়ে ৮টার দিকে মোল্লাবাড়ি স্ট্যান্ডের কাছে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান সোহরাব। গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং সকাল ৯টা ৫০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
২০০৪ সালের ১ জানুয়ারি দ্য ডেইলি স্টারে যোগ দিয়ে দীর্ঘ ২২ বছরেরও বেশি সময় পটুয়াখালী সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন সোহরাব।
তিনি পটুয়াখালী প্রেসক্লাবের সহসভাপতি ছিলেন। এর আগে প্রেসক্লাবটির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
