‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’—মানবধর্ম ও অসাম্প্রদায়িক চেতনার এই মূলমন্ত্রকে সামনে রেখে কুষ্টিয়ায় উদযাপিত হয়েছে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মো. আবদুল্লাহ হারুন। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট কবি, লেখক ও চিন্তক ফরহাদ মজহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, ৪৭ বিজিবি কুষ্টিয়ার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ সোহারব উদ্দিন এবং কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন প্রাবন্ধিক অধ্যাপক ড. শেখ খালিদ হাসান। স্বাগত বক্তব্য দেন কুমারখালী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ সারওয়ার।
আলোচনা সভায় বক্তারা লালন সাঁইয়ের অসাম্প্রদায়িক দর্শন, মানবধর্ম, মানবপ্রেম ও সাম্যের বাণী তুলে ধরেন। তাঁরা বলেন, লালনের দর্শন মানুষে মানুষে ভেদাভেদ দূর করে মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনের শিক্ষা দেয়। তাঁর গান ও দর্শন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা সভা শেষে লালন একাডেমি ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ লালনসংগীত পরিবেশিত হয়। বাউলগানের সুর ও সাধনার মধ্য দিয়ে অনুষ্ঠানে লালন সাঁইয়ের জীবনদর্শন ও মানবতার বাণী তুলে ধরা হয়।
The post কুষ্টিয়ায় লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উদযাপন appeared first on ভোরের চেতনা.
