প্রকাশিত: ২২:৩৬, ১৬ অক্টোবর ২০২৬
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অভিযুক্ত মো. আনিচ হাওলাদার
ঝালকাঠির রাজাপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আনিচ হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রাজাপুর থানায় মামলা করেন।
আনিচ হাওলাদার উপজেলার সদর ইউনিয়নের পূর্ব আঙ্গারিয়া এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির মা প্রবাসে থাকায় সে নানাবাড়িতে থেকে লেখাপড়া করে আসছিল। অভিযুক্ত আনিচ হাওলাদার পরিবারের পরিচিত হওয়ায় সেই সুযোগে শিশুটির কাছাকাছি যাওয়ার সুযোগ পেতেন।
অভিযোগ অনুযায়ী, গত ১৬ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব আঙ্গারিয়া এলাকার একটি কলাবাগানের পাশে শিশুটিকে প্রথমবার ধর্ষণচেষ্টা চালান তিনি। পরবর্তীতে গত ১১ অক্টোবর বেলা ৩টার দিকে নিজ দোকানে ডেকে নিয়ে আবারো একই অপচেষ্টা চালান।
এজাহারে উল্লেখ করা হয়, দ্বিতীয় ঘটনার সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত সরে যান। পরে শিশুটি বিষয়টি স্বজনদের জানালে তার বাবা রাজাপুর থানায় মামলা করেন।
রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, অভিযুক্ত আনিচ হাওলাদারকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
