ঝিনাইদহ প্রতিনিধি॥ দাওয়াত দিয়ে ক্যাডেট কলেজে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার এক অনাকাঙ্ক্ষিত অভিযোগ উঠেছে ঝিনাইদহে। ঝিনাইদহ ক্যাডেট কলেজে আয়োজিত আন্তঃক্যাডেট কলেজ ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েও সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কলেজ ক্যাম্পাসে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। এই ঘটনায় জেলার কর্মরত সংবাদকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ঝিনাইদহ ক্যাডেট কলেজের যাবতীয় সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন।
ক্ষুব্ধ সংবাদকর্মীদের সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ঝিনাইদহ ক্যাডেট কলেজে আন্তঃক্যাডেট কলেজ ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানেও জেলার কয়েকজন সংবাদকর্মীকে আমন্ত্রণ জানিয়েছিল কলেজ কর্তৃপক্ষ। এরপর প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানেও সাংবাদিকদের চিঠির মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়।
কলেজ কর্তৃপক্ষের আমন্ত্রণপত্র পেয়ে বৃহস্পতিবার দুপুরে সংবাদকর্মীরা পেশাগত দায়িত্ব পালনে কলেজ ক্যাম্পাসে উপস্থিত হন। তবে সেখানে পৌঁছানোর পর উপস্থিত সাংবাদিকদের জানানো হয়, অনুষ্ঠানে তাঁদের প্রবেশের অনুমতি নেই। শুধু তাই নয়, পরবর্তীতে তাঁদের কলেজ ক্যাম্পাস ছাড়তে বলা হয়।
উপস্থিত সাংবাদিকদের অভিযোগ, প্রয়োজনীয় ও যথাযথ প্রশাসনিক প্রক্রিয়ায় চিঠির মাধ্যমে আমন্ত্রণ জানানোর পরও অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে না দেওয়া অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও অপমানজনক। এমন পরিস্থিতিতে ঝিনাইদহ ক্যাডেট কলেজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ সাংবাদিকরা।
ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়ে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি আসিফ ইকবাল মাখন বলেন, “সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়ে পরবর্তীতে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে না দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা পেশাদার সাংবাদিকদের পক্ষ থেকে এর চরম নিন্দা জানাচ্ছি এবং এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি।”
তিনি আরও জানান, এই অপমানজনক ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ ক্যাডেট কলেজের সব ধরনের সংবাদ বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
একই ঘটনায় অসন্তোষ প্রকাশ করে জেলা প্রেসক্লাবের সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার মিজানুর রহমান বলেন, কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন ধাপে যাচাই-বাছাই সম্পন্ন করেই চিঠির মাধ্যমে সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু আমন্ত্রণ জানানোর পরও তাঁদের ভেতরে ঢুকতে না দেওয়া অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে উপযুক্ত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান তিনি।
এদিকে সার্বিক বিষয়ে জানতে ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, এ বিষয়ে কলেজের অ্যাডজুটেন্টের সঙ্গে কথা বলুন। সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর বিষয়ে তাঁর কিছু জানা নেই বলেও তিনি উল্লেখ করেন।
The post দাওয়াত দিয়ে ঝিনাইদহ ক্যাডেট কলেজে সাংবাদিকদের প্রবেশে বাধা: ক্ষুব্ধ সংবাদকর্মীদের সংবাদ বর্জনের ঘোষণা appeared first on লোকসমাজ.
