সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে সমন্বিত মাস্টারপ্ল্যান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ পরিকল্পনায় সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নির্ধারণের পাশাপাশি তাদের কার্যক্রমের মধ্যে সমন্বয় আনার কথা বলা হয়েছে।
বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দামপাড়া পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এক সভায় এ উদ্যোগের কথা উঠে আসে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সভায় জঙ্গল সলিমপুরের বিদ্যমান সমস্যা মোকাবিলা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় স্থায়ীভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। মাস্টারপ্ল্যানের মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব নির্ধারণ ও সমন্বিতভাবে আইনানুগ কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
এ ছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
The post জঙ্গল সলিমপুরে অপরাধ নিয়ন্ত্রণে হচ্ছে মাস্টারপ্ল্যান appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
