মাদকের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ করে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ময়মনসিংহের ভালুকা উপজেলার ৫ নম্বর বিরুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামছুল হোসাইন। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারণা ও প্রতিরোধ কার্যক্রম চালাচ্ছেন তিনি। তাঁর এ উদ্যোগে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
উদ্যোগের অংশ হিসেবে কোন এলাকায় কারা মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত, তাঁদের তালিকা তৈরির কাজও চলছে বলে জানা গেছে। চেয়ারম্যানের এ উদ্যোগ ইতোমধ্যে স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ইউনিয়নের গোয়ারী এলাকার ২ নম্বর ওয়ার্ডে স্থানীয়রা সুহেল নামে এক ব্যক্তি ও তাঁর দুই সহযোগীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় তাঁদের কাছ থেকে ৮০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভালুকা মডেল থানা পুলিশ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান ছামছুল হোসাইন বলেন, মাদক নির্মূলে এলাকাবাসী ও যুবসমাজকে সঙ্গে নিয়ে অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে তাঁর এ প্রচেষ্টা চলবে বলেও জানান তিনি।
