সংবাদ · সাধারণ
নিখোঁজ ভ্যানচালকের মস্তকবিহীন গলিত লাশ উদ্ধার
১৯/১০/২০২৬

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিখোঁজ হওয়ার চার দিন পর চান মিঞা ওরফে চান্দ আলী (৫৫) নামের এক ভ্যানচালকের মস্তকবিহীন ও পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে হত্যা করে লাশ গুম করার চেষ্টা চালিয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে জীবননগর উপজেলার শাহাপুর পুলিশ ক্যাম্পের অদূরে কোটচাঁদপুর সড়কের পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত চান্দ আলী জীবননগরের হাসাদাহ গ্রামের বালিগর্ত পাড়ার মৃত জোনাব আলীর ছেলে।পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ব্যাটারিচালিত ভ্যান নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি চান্দ আলী। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ হওয়ার পর থেকেই তার ব্যবহৃত ভ্যানটিরও কোনো হদিস মেলেনি।আজ সকালে স্থানীয় পথচারীরা শাহাপুর পুলিশ ক্যাম্পসংলগ্ন কোটচাঁদপুর সড়কের পাশে একটি বিকৃত ও মস্তকবিহীন দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে জীবননগর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহতের পরিধেয় পোশাক ও জুতো দেখে স্বজনেরা লাশটি নিখোঁজ চান্দ আলীর বলে শনাক্ত করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মস্তকবিহীন গলিত লাশটি উদ্ধার করে। ঘটনার পারিপার্শ্বিক আলামত দেখে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। ভ্যান ছিনতাই নাকি অন্য কোনো পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। লাশের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এর সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।
মূল প্রতিবেদনে যান ↗