চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা, মশার বংশবিস্তার রোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুলের ব্যক্তিগত অর্থায়নে ১৫টি স্প্রে মেশিনসহ বিভিন্ন পরিচ্ছন্নতা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় শহরের পুরাতন সিএন্ডবি-সংলগ্ন নবাবগঞ্জ মহিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে সামাজিক সংগঠন আন-নাসিহা ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। পৌরসভার ১৫টি ওয়ার্ডের প্রতিটির জন্য একটি করে স্প্রে মেশিন বরাদ্দ দেওয়া হয়েছে।
এ উদ্যোগের মাধ্যমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন-নাসিহা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। এ সময় আন-নাসিহা ফাউন্ডেশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, স্প্রে মেশিন ও পরিচ্ছন্নতা উপকরণ বিতরণের ফলে পৌরসভার ওয়ার্ডগুলোতে মশক নিধন কার্যক্রম আরও জোরদার হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে কার্যকর অগ্রগতি সম্ভব হবে।
