গাজীপুরের টঙ্গীতে গাড়িচাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শেরপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কৈবর্তপাড়া এলাকার তপন চন্দ্র দাস (৫০) ও তার ছেলে লিখন চন্দ্র দাস (২০)। তারা গাজীপুর নগরীর টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা ২৭ নম্বর চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর সোয়া ৪টার দিকে গাজীপুরা বিআরটি লেনের পূর্ব পাশে কুটুমবাড়ি হোটেল সংলগ্ন মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় আহত হন বাবা ও ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে দুইজনকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা লিখনকে মৃত ঘোষণা করেন। অপর আহত তপনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে সকাল সাড়ে ৯টার দিকে তিনিও মারা যান।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুল আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
