আজকাল ওয়েবডেস্ক: কালাজাদু করার সন্দেহে নিজের মাকে জীবন্ত পুড়িয়ে খুনের অভিযোগ উঠল ২১ বছর বয়সি এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার মেদক জেলায়।
পুলিশের দাবি, কয়েক বছর আগে ওই যুবকের গ্রামে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছিল। তার জন্য নিজের মাকে দায়ী করত অভিযুক্ত ছেলে। সেই সন্দেহ থেকেই এই নৃশংস ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম কারে দুর্গেশ। পেশায় তিনি এক অটোচালক। তাঁর মায়ের নাম কারে সায়াম্মা। চাষবাস করেই দিন কাটত তাঁর।
অভিযোগ, শনিবার নিজের অটো থেকে ডিজেল বের করে মায়ের গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন দুর্গেশ। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সায়াম্মার।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রায় ১০ দিন আগে হায়দরাবাদ থেকে নিজের গ্রামে ফিরেছিলেন দুর্গেশ। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার সময় অভিযুক্ত মদ্যপ অবস্থা ছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
অভিযোগ, কয়েক বছর আগে গ্রামে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই মৃত্যুগুলির জন্য মাকে দায়ী করতেন দুর্গেশ। তাঁর দাবি ছিল, তাঁর মা সায়াম্মা তন্ত্রসাধনা বা কালাজাদুর মাধ্যমে এই ঘটনাগুলির সঙ্গে যুক্ত ছিলেন।
সেই সন্দেহ থেকেই তিনি মাকে খুন করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত গ্রামে পৌঁছন সার্কল ইন্সপেক্টর এম. রেণুকা এবং টেকমল থানার সাব-ইন্সপেক্টর অরবিন্দ কুমার।
ইতিমধ্যেই, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য স্থানীয় সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলেকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে তদন্তে এখনও পর্যন্ত সায়াম্মার বিরুদ্ধে তন্ত্রসাধনা বা কালাজাদু করার কোনও প্রমাণ মেলেনি।
https://youtu.be/JwFdq_tA9cE?si=CcviVJ8pZrhnzdBj
গ্রামের একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলেও এমন কোনও তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। সার্কল ইন্সপেক্টর এম. রেণুকা বলেন, ‘আমাদের তদন্তে তন্ত্রসাধনার কোনও প্রমাণ পাওয়া যায়নি। আমরা গ্রামের একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলেছি। কিন্তু কেউই জানাননি যে ওই মহিলা এমন কোনও কাজের সঙ্গে যুক্ত ছিলেন।’
