যশোরের ঝিকরগাছায় এক শিক্ষক পরিবারের পূজোর আনন্দ মুহূর্তেই গভীর বিষাদে ঢাকা পড়েছে। পরিবারের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা দর্শনে বের হয়ে পরলোক সাঙ্গ করেছে ওই পরিবারের নিষ্পাপ দুই শিশু। গরুবহনকারী একটি দ্রুতগামী নসিমন ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত দুই শিশু হলো- ঝিকরগাছার মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) এবং শিশুকন্যা দিশা (৩)।
বিজ্ঞাপন
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকার কাউন্সিল রোডে এই দুর্ঘটনা ঘটে। ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশুদের বাবা সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক। সোমবার বিকেলে সাধন কুমার তার স্ত্রী ও দুই সন্তানকে সঙ্গে নিয়ে পূজা দেখতে বেরিয়েছিলেন। পথে ফুলতলা এলাকায় তাদের বহনকারী ভ্যানটির সঙ্গে গরুবোঝাই একটি নসিমনের সংঘর্ষ হয়। একপর্যায়ে নসিমনটি ভ্যানের ওপর উল্টে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় শোভন ও দিশা। এ দুর্ঘটনায় তাদের বাবা সাধন কুমার ও তাদের মা আহত হয়েছেন।
বিজ্ঞাপন
এছাড়াও দুর্ঘটনায় নসিমনের চালক ও অপর এক যাত্রীও গুরুতর আহত হয়েছেন। আহতদের যশোর জেনারেল ও ঝিকরগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, দুই সন্তানকে একসঙ্গে হারিয়ে শোকে আচ্ছন্ন বাবা-মায়ের আর্তনাদে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। পূজা দেখতে বেরিয়ে মূহুর্তেই নিভে গেল দুটি তাজা প্রাণ। এই হৃদয়বিদারক ও মর্মান্তিক মৃত্যুতে মিশ্রীদেয়াড়া গ্রামসহ পুরো ঝিকরগাছা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
এইচআরএম/কেএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
