কালবেলা · সাধারণ
নৌকাডুবিতে তিন জীবন রক্ষা করলেও বেঁচে ফেরা হলো না আফজালের
২৫/১০/২০২৬

দিনাজপুরের বিরলে পুনর্ভবা নদীতে নৌকাডুবিতে নিমজ্জিত দুই নাতি ও স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন আফজাল হোসেন (৫৫) নামের এক বৃদ্ধ। মৃত আফজাল হোসেন একই ইউপির ধুলাতৈড় ডাঙ্গাপাড়া গ্রামের মোহাম্মদ গেদুর ছেলে।
রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ১১নং পলাশবাড়ি ইউপির বুজরুক বসন্তপুর মাদ্রাসা সংলগ্ন পুনর্ভবা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে বৃদ্ধ আফজাল হোসেন, তার স্ত্রী তারা বেগম এবং দুই নাতি আলিফ (৮) ও সিয়াফকে (৫) সঙ্গে নিয়ে নদীর ওপার থেকে ডিঙি নৌকায় করে বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে নদীতে নৌকাটি হঠাৎ ডুবে যায়। এ সময় আফজাল হোসেন তার দুই নাতিকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেন। তিনি দুই নাতিকে আগলে ধরে রাখেন, যেন তারা পানিতে ডুবে না যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন।
তাদের সহযোগিতায় দুই নাতি ও তার স্ত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে দুই নাতিকে বাঁচানোর প্রাণপণ চেষ্টার একপর্যায়ে পানিতে ডুবে যান আফজাল হোসেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দিনাজপুর ও বিরল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেন এবং দুপুর ১২টার দিকে আফজালের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
দিনাজপুর ফায়ার সার্ভিসের লিডার ওবাইদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই এবং উদ্ধার কার্যক্রম শুরু করি। উদ্ধার কার্যক্রম শুরুর প্রায় ৪০ মিনিট পর আমাদের ডুবুরি খাদেমুল ইসলামের মরদেহ খুঁজে পেতে সক্ষম হন। এরপর বিরল থানা পুলিশ পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করেন।
মূল প্রতিবেদনে যান ↗