রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার কিশোর আজান আলী শরীফের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।
আজ বুধবার (১৪ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির এই আদেশ দেন। এদিন কিশোর আজান আলী শরীফের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী আলমগীর হোসেন।
আইনজীবী শুনানিতে বলেন, আসামি শিশু এবং বাদীপক্ষের সঙ্গে আপস হয়েছে। এরপরে বাদীও আদালতে উপস্থিত হয়ে আপোষ হয়েছে মর্মে জানান। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দিন মামুন জামিনের বিরোধিতা করেন। পরে আদালত জামিন নাকচের আদেশ দিয়েছেন।
নথি থেকে জানা গেছে, গত ৪ অক্টোবর আজান আলী শরীফের জামিন নাকচ করে দেন আদালত। এরআগে গত ২৪ সেপ্টেম্বর একই আদালত তার জামিন আবেদন নাকচ করে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফীন ইসলাম ওই কিশোরকে আদালতে হাজির করে তাকে আটক রাখার আবেদন করেন।
আবেদনে বলা হয়, মামলাটি তদন্তকালে ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ঘটনার পরপরই প্রাইভেট কারের ডান পাশের ড্রাইভিং সিটের দরজা খুলে কিশোর আজান আলী শরীফকে বের হতে দেখা যায়। তদন্তকালে আজান আলী শরীফের সংশ্লিষ্টতার বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া যাচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আটক রাখার আবেদন করা হয়।
এজাহারে বলা হয়েছে, মেহেদীর মৃত্যুর ঘটনায় তার বড় ভাই মোক্তাদীর ইসলাম বাদী হয়ে গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থানায় সড়ক পরিবহণ আইনে মামলা করেন। মামলায় গাড়িটির চালক হিসেবে আকাশ মারক (৪৪) নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
সেখানে অভিযোগ করা হয়, আসামি আকাশ মারক বেপরোয়াভাবে প্রাইভেটকার চালিয়ে তার ভাইকে গাড়িচাপা দিয়ে গুরুতর আহত করেন এবং এতে তার মৃত্যু ঘটে।
