সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের বাহুবল উপজেলার নারিকেলতলা গ্রামের নিজ বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মাত্র ৩ বছর ৩ মাস বয়সী দ্বীপ নারিকেলতলা গ্রামের বাসিন্দা বিজয় শীলের একমাত্র ছেলে। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে দ্বীপকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর ২টা ৩৫ মিনিটে বাড়ির পাশের পুকুরে তার নিথর দেহ পাওয়া যায়।
দ্বীপের কাকা বিপ্লব শীল স্থানীয় নিউ ভিশন কেজি অ্যান্ড হাইস্কুলের সহকারী শিক্ষক। পাশাপাশি তিনি একজন পরিচিত কনটেন্ট ক্রিয়েটর। গত কয়েক মাস ধরে তিনি ভাতিজা দ্বীপকে সঙ্গে নিয়ে বিভিন্ন ধরনের সৃজনশীল ভিডিও তৈরি করছিলেন। ভিডিওগুলোতে দ্বীপের মিষ্টি উপস্থিতি ও সাবলীল অভিব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নজর কাড়ে। অল্প সময়ের মধ্যেই শিশুটি পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করে।
সবার পরিচিত সেই শিশুর আকস্মিক মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
ভাতিজার অকালমৃত্যুর খবর জানিয়ে কাকা বিপ্লব শীল তার সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে লেখেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার আদরের ভাতিজা দ্বীপ আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। তার সমাধি মঙ্গলবার রাত ৯টায় সম্পন্ন করা হয়েছে। আমার ভাতিজা হিসেবে আপনারা যারা ওকে ভালোবেসেছেন, ওর জন্য দোয়া/আশীর্বাদ করেছেন, আপনাদের সবার কাছে অনুরোধ-ওর আত্মার শান্তির জন্য আশীর্বাদ/দোয়া করবেন।
ছোট্ট দ্বীপের চলে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক প্রকাশ করেন। অনেকেই তার সঙ্গে জড়িয়ে থাকা নানা স্মৃতি ও ভালোবাসার কথা জানিয়ে মন্তব্য করেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী ওই কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। পরে পারিবারিক নিয়মে শিশুটির শেষকৃত্য সম্পন্ন করা হয়।
