সংবাদসংস্থা মুম্বই: শীঘ্রই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অনিরুদ্ধ রবিচন্দ্র এবং কাব্য মারান। বহুদিন ধরেই তাঁদের প্রেমের জল্পনা তুঙ্গে। এবার উসকে গেল তাঁদের বিয়ে নিয়ে চর্চা! কবে, কোথায় সাতপাকে ঘুরছেন এই দুই তারকা? থাকছে কী কী চমক?
কানাঘুষোয় শোনা যাচ্ছে, গ্রিসে নাকি বসবে কাব্য মারান এবং অনিরুদ্ধের বিবাহবাসর। চেন্নাইয়ে হবে চোখ ধাঁধানো রিসেপশন। কিন্তু হঠাৎ কেন তাঁদের বিয়ে নিয়ে এভাবে জল্পনা উসকে গেল? অনিরুদ্ধ এবং কাব্যকে সম্প্রতি একত্রে চেন্নাইয়ে আবারও দেখা গিয়েছে, তার মধ্যেই এই জনপ্রিয় মিউজিক কম্পোজারের এক আত্মীয় এমন একটা কথা বলেছেন যা শুনে দুইয়ে দুইয়ে চার করেছেন তাঁদের অনুরাগীরা।
জল্পনা অনুযায়ী ১১ নভেম্বর গ্রিসে সাতপাকে বাঁধা পড়বেন অনিরুদ্ধ এবং কাব্য। তাঁদের বিয়েতে উপস্থিত থাকবেন তাঁদের ঘনিষ্ঠ এবং নিকট বন্ধু ও আত্মীয়রা। এরপর, ২১ নভেম্বর, অর্থাৎ তাঁদের বিয়ের ১১ দিনের মাথায় অনুষ্ঠিত হবে তাঁদের গ্র্যান্ড রিসেপশন। তবে সেটা দেশেই অনুষ্ঠিত হবে। চেন্নাইয়ে হবে এই অনুষ্ঠান। সেখানে তাঁদের আত্মীয়, বন্ধুরা তো থাকবেনই, সঙ্গে বিনোদন জগৎ, ব্যবসার জগতের তাবড় তাবড় ব্যক্তিত্বরা। সেই রিসেপশনের অনুষ্ঠানে কমল হাসান, সুরিয়া, অ্যাটলি, রজনীকান্ত, ধনুশ, লোকেশ কনগরাজ, প্রমুখ তো বটেই, তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় পর্যন্ত হাজির থাকতে পারেন। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তামিল নাড়ুর গভর্নর, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী প্রমুখকেও আমন্ত্রণ জানানো হবে বলেই জল্পনা।
কবে থেকে জল্পনা শুরু হল কাব্য এবং অনিরুদ্ধর সম্পর্ক নিয়ে এই চর্চা? ২০২৫ সালে নাকি তাঁদের একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল, তাঁদের অনুরাগীদের এমনটাই দাবি। যদিও সেই সময় বিয়ে নিয়ে জল্পনা উসকে যেতেই এক্স হ্যান্ডেলে অনিরুদ্ধ লিখেছিলেন, 'বিয়ে? তোমরা সবাই একটু চিল করো।' বছর ঘুরতে না ঘুরতেই আবারও সেই জল্পনা উসকে গেল? অনিরুদ্ধর এক আত্মীয় জানিয়েছেন তাঁদের বিয়েটা হচ্ছেই। যদিও কবে বা কী, সেটা তিনি জানাননি। এরপরই এই তারকা জুটি একত্রে জেলার ২ ছবি দেখতে গিয়েছিলেন। তারপরই আবারও উসকে যায় তাঁদের প্রেম এবং বিয়ের জল্পনা।
https://youtu.be/uc8rfW3anwI?si=9jG-CsgJBg-uyTQd
